আর দশটা দিনের মতো ঈদের দিনটা নয় কারাগারে। আর তাই আনন্দের এদিনটি কারাগারগুলোতেও ভিন্ন আবহে দেখা গেছে। দিনটি ঘিরে কারাবন্দিদের জন্য আয়োজন করা হয় বিশেষ খাবারের। ঈদের নামাজে শরিক হন তারাও। এবারও পবিত্র ঈদুল ফিতরের দিনে কারাগারে থাকা সাধারণ বন্দিদের সঙ্গে ডিভিশন পাওয়া বন্দিদের ‘দূরত্ব’ ঘুচে যায়। সবার জন্য থাকবে একই ব্যবস্থা।

ছবিটি প্রতীকী

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে দেশের বিভিন্ন কারাগারে বন্দি আছেন। এবার প্রথমবারের মতো তাদের ঈদুল ফিতরের দিন কাটছে কারাগারের চার দেয়ালের মধ্যে।


 

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ বন্দিদের মতোই কারাগারে থাকা ভিআইপিসহ (বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি) ডিভিশন পাওয়াদের একই ধরনের খাবার পরিবেশন করা হবে। এদিন সকালের খাবারে রয়েছে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে থাকছে পোলাও বা খিচুড়ি, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি ও পান। আর রাতে দেয়া হবে ভাত, আলুর দম ও ডিম।

 

অন্যদিকে সারা বছর সাধারণ বন্দিদের সকালে দেয়া হয় হালুয়া, রুটি ও ডিম। দুপুরের খাবারের তালিকায় থাকে ভাত, ডাল, সবজি। রাতে খাবার দেয়া হয় ভাত, ডাল, মাছ বা গরুর মাংস। আর ডিভিশন পাওয়া বন্দিদের খাবার তাদের পছন্দ অনুযায়ী আলাদা রান্নার ব্যবস্থা করা হয়।