যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটিকে পুনঃনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস।

প্রতীকী ছবি (সংগৃহীত)

ট্রাম্প ক্ষমতায় এলে আগের প্রশাসনকে অনুসরণ করে ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন কি না, সে বিষয়ে নানা মহলে গুঞ্জন ছিল। সেই গুঞ্জনের অবসান ঘটালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘অবিচ্ছেদ্য’ বন্ধুত্বের প্রশংসা করেন তিনি। 


 

এসময়, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটি নিয়ে দুই দেশের পরিকল্পনা কী হতে যাচ্ছে, সে বিষয়ে আভাস দেন ট্রাম্প।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা পুনঃনির্মাণের দায়িত্ব নিতে চায় তার প্রশাসন। অঞ্চলটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গোলাবারুদ সরিয়ে শহরটি ঢেলে সাজানোর কথা জানান। তার প্রশাসন ‘নতুন গাজায়’ পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং চাকরির ব্যবস্থা করবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান গাজাকে ‘মৃত্যু এবং ধ্বংসের’ প্রতীক উল্লেখ করে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ারও আহ্বান জানান তিনি। 

 

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, মিশর এবং জর্ডানের প্রশাসন গাজার শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেও, তার বিশ্বাস দুটি দেশই উদারতার পরিচয় দেবে। আশ্রয় দেবে ফিলিস্তিনের বাস্তুচ্যুতদের। ট্রাম্পের এই পরিকল্পনাকে সাধুবাদ জানান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যদিও, এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।