গাজা উপত্যকায় প্রায় ২০ মাসের যুদ্ধে ইসরাইলের হামলায় ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
![]() |
| ইসরাইলের হামলায় গাজায় নিহত ৫৪ হাজার ছাড়িয়েছে। ছবি: এপি |
ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেও গাজায় চলছে বর্বর হামলা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত ৮১ ফিলিস্তিনির। একই সময়ে আহত হয়েছেন ১৬৩ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরাইলি হামলায় গাজায় মোট নিহত ৫৪ হাজার ৫৬ জনে পৌঁছেছে। এই সময়ে মোট আহত হয়েছেন আরও ১ লাখ ২৩ হাজার ১২৯ জন। নেতানিয়াহু বাহিনীর বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।
এরইমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের দেশে ফেরত আনতে হামলা আরও জোরদার করবেন।
তিনি বলেন, ‘আজ না পারলে কাল, কাল না পারলে পরশু। আমরা থামবো না। আমরা সবাইকে ফিরিয়ে আনব, জীবিতদের এবং মৃতদের।’

0 Comments