ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা।

ভারতের মুসলিম সম্প্রদায় সরকারকে কড়া বার্তা দিয়ে বলছেন, ধর্মীয় অধিকার রক্ষায় তারা লড়াই চালিয়ে যাবেন। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিতর্ক পর্বের পর বুধবার (২ এপ্রিল) গভীর রাতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভারতের পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাসের পর ভারতের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

 

শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজের পর কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদের মতো প্রসিদ্ধ শহরগুলোতে বিক্ষোভের এই ঘটনা ঘটে।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, দেশটির লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়। আইন অনুযায়ী, মুসলিম সম্প্রদায়ের দানকরা ধর্মীয়, শিক্ষা ও সেবামূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ বলা হয়। এগুলো বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। সরকারের দাবি, এই সংশোধনী স্বচ্ছতা বাড়াবে।