নাড়ির টানে বাড়ি ফিরে ঈদ উদ্‌যাপনে মেতেছেন ক্রিকেটাররা। আত্মীয়স্বজন-পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেন তারা। তারকা ক্রিকেটারদের কাছে পেয়ে ঈদের আনন্দ যেন আরও বেড়ে যায় এলাকাবাসীর। এসময় দেশবাসীর জন্য দোয়া করেন ক্রিকেটাররা।

তারকা ক্রিকেটার সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, আড্ডা হচ্ছে এলাকাবাসীর সঙ্গেও। ছবি: ফেসবুক থেকে

শান্তরা সব সময় থাকেন ধরা-ছোঁয়ার বাইরে। কিন্তু ঈদের সময় তারা চলে আসেন হাতের নাগালে। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবার পরিজনের সঙ্গে ভাগ করে নেন ঈদের আনন্দ। যার ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের ছুটিতে বাড়ি ফিরে এবার রাজশাহীতে সবার সঙ্গে ঈদের নামাজ পড়েন নাজমুল হোসেন শান্ত। একইভাবে সাতক্ষীরায় মোস্তাফিজ, নীলফামারিতে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন রিশাদ হোসেন। এসময় এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা।

শান্ত বলেন, ‘সবার আগে ফ্যামিলিকে একটু সময় দেওয়া, এলাকার মানুষদের সঙ্গে একটু সময় কাটানো। পাশাপাশি বন্ধু-বান্ধব তো আছেই। সবাইকেই একটু একটু করে সময় দিতে হবে।’