আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় সোমবার (২৭ জানুয়ারি) আত্মসমর্পণ করবেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। আত্মসমর্পণ করে আদালতে জামিনও চাইবেন তিনি।
![]() |
| ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত |
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়িকা পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
এর আগে এদিন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে পরীর গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী সোহেল।
গ্রেফতারি পরোয়ানা জারি হলে পরীর পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময় আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন এবং আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
পরীর বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। মূল্য দাবি করলে পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান।

0 Comments