ঢালিউড চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হলে নায়িকার কী সাজা হবে সে বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মো. সোহেল।

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।


 

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে পরীর গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী সোহেল।

 

গ্রেফতারি পরোয়ানা জারি হলে পরীর পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময় আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন এবং আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

 

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে বাদীপক্ষের আইনজীবী সোহেল বলেন, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ নম্বর ধারায় চার্জগঠন বা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আদালতে অপরাধ প্রমাণ হলে নায়িকা সর্বোচ্চ ৩ বছর সাজাপ্রাপ্ত হবেন।

 

রোববার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী সোহেল আরও বলেন, ৩২৩ ধারার সেচ্ছায় আঘাত করার বিষয়টি প্রমাণিত হলে সর্বোচ্চ ১ বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণিত করতে পারলে সর্বোচ্চ ২ বছরের সাজা হতে পারে। আদালত চাইলে শাস্তি কমাতে পারেন তবে আমরা সর্বোচ্চ শাস্তিই চাইবো।

 

পরীর বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। মূল্য দাবি করলে পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান।