ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (১৮ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। স্বাভাবিকভাবেই দেশটির ক্রিকেটাঙ্গনে আজ সবচেয়ে বড় আলোচনার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। তবে আরও একটি বিষয় খুব বেশি আলোচনায় এসেছে সম্প্রতি। আর সেটা হলো রিঙ্কু সিংয়ের বিয়ে।


গোপনে বাগদান সেরে ফেলেছেন রিঙ্কু সিং, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিনে এমন খবর চাউর হয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে। তবে এই সংবাদ নিয়ে হৈচৈ পড়ে যাওয়ার কারণ রিঙ্কু একা নন। রিঙ্কুর সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে যেই পাত্রীর, তার নামটাও রিঙ্কুর চেয়ে কোনো অংশে খাটো নয়।   


 

রিঙ্কুর বিয়ের গুঞ্জনে যার নাম শোনা যাচ্ছে, তিনি প্রিয়া সরোজ। সমাজবাদী দলের হয়ে ভারতের লোকসভার সংসদ সদস্য তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, গোপনে বাগদান সেরেছেন তারা। তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন প্রিয়ার বাবা তুফানি সরোজ।

 

তুফানি অবশ্য পুরোপুরি উড়িয়ে দেননি এই বিষয়কে। তিনি জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলছে। সবকিছু ঠিক থাকলে এগোতে পারে বিয়ে অবধি।