বিপুল পরিমাণ দায়দেনার কারণে আর্থিক চাপে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাঁধে এখন ৬৫ হাজার কোটি টাকার বেশি বকেয়া। এরই মধ্যে পেট্রোবাংলাকে মার্কিন কোম্পানি শেভরন ও পিডিবিকে ভারতীয় কোম্পানি আদানি বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, বড় অঙ্কের আর্থিক চাপ থাকায় এবারও গরমে ব্যাহত হতে পারে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ।

আর্থিক টানাপড়েন আর ডলার সংকটে গত তিন বছর ধরেই দেখা যায়, পর্যাপ্ত জ্বালানির অভাবে সর্বোচ্চ চাহিদার সময়ও বন্ধ রাখতে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎকেন্দ্র। ফলে গরমের সময় সইতে হয় তীব্র লোডশেডিং।

জেঁকে বসা আর্থিক সে বেহাল দশা থেকে এখনো বেরোতে পারেনি বিদ্যুৎ খাত। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর দাবি, পিডিবির কাছে পাওনা ঠেকেছে ১৬ হাজার কোটি টাকায়। আর এ অর্থ সংকটের কারণে এবারও মিলছে না গরমে চাহিদামাফিক বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা।